স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ মার্চ , ২০২৫
প্রথম ৯ ওভারে রান ১ উইকেটে ৯৬। সেখান থেকে বিশ ওভারে দুইশ ছড়ানো সংগ্রহ খুব সম্ভব। কিন্তু পথ হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থমকে গেল ১৭৪ রানেই।
এই পুঁজি নিয়ে লড়াই জমাতেই পারল না তারা। ফিল সল্ট ও ভিরাট কোহলির ঝড়ো ফিফটিতে অনায়াস জয়ে আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর জয় ৭ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ১৭৫ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
নতুন অধিনায়ক রাজাত পাতিদারের অধিনায়কত্বে শুরুটা দারুণ হলো বেঙ্গালুরুর।
আরেক নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা সুখকর হলো না গতবারের চ্যাম্পিয়ন কলকাতার।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। বৈভব অরোরার তৃতীয় ওভারে ২০ রান নেওয়ার পর বরুণ চক্রবর্তীর চতুর্থ ওভারে আসে ২১ রান। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ওভারেই বেঙ্গালুরু করে ৭৫ রান।
এরপর অবশ্য রানের গতি খানিকটা মন্থর হয়ে আসে, ৩১ বলে ৫৬ রান করে ফিরে যান সল্টও। তবে থামানো যায়নি বেঙ্গালুরুকে। কোহলি ও রজত পতিদারের ব্যাটিং নৈপুণ্যে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ১৬ বলে ৩৪ রান করে আউট হন পতিদার। তবে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলি।
উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় কলকাতা। ৪ রান করা ডি কককে ফেরান জস হ্যাজলউড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে কলকাতাকে এগিয়ে নেন সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ দুজন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৭৪/৮ (ডি কক ৪, নারাইন ৪৪, রাহানে ৫৬, ভেঙ্কাটেশ ৬, রাঘুভাংশি ৩০, রিঙ্কু ১২, রাসেল ৪, রামানদিপ ৬*, হার্শিত ৫, জনসন ১*; হেইজেলউড ৪-০-২২-২, দায়াল ৩-০-২৫-১, রাসিখ ৩-০-৩৫-১, ক্রুনাল পান্ডিয়া ৪-০-২৯-৩, সুয়াশ ৪-০-৪৭-১, লিভিংস্টোন ২-০-১৪-০)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬.২ ওভারে ১৭৭/৩ (সল্ট ৫৬, কোহলি ৫৯*, পাডিক্কাল ১০, পাতিদার ৩৪, লিভিংস্টোন ১৫*; আরোরা ৩-০-৪২-১, জনসন ২.২-০-৩১-০, ভারুন ৪-০-৪৩-১, হার্শিত ৩-০-৩২-০, নারাইন ৪-০-২৭-১
ফল: বেঙ্গালুরু ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ক্রুনাল পান্ডিয়া