শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ ফেব্রুয়ারি , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাব প্রথমবারের মতো মিনি ম্যারাথন আয়োজন করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর পাঠানটুলা হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও প্রাইজমানি বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও অতিথিদের একটি করে গাছ উপহার দেওয়া হয়।
পুরষ্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, শারীরিক ব্যায়াম, সকালের রোদ মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিনের যোগান দেয়। সাস্ট ফিটনেস ক্লাবের ম্যারাথন আয়োজনের এই উদ্যোগকে স্বাগত জানাই। নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে এরকম সমাজ কল্যাণমূলক উদ্যোগ সকলের মাঝে উৎসাহ প্রদান করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন ও ফিটনেস ক্লাবের উপদেষ্টাগণ।