ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ জুলাই , ২০২৫
শেখ মেহেদী হাসানের ঘূর্ণি এবং তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে কলম্বোতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা। ১১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দেখান মেহেদী। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট তুলে নেন তিনি। এরপর লঙ্কানদের পক্ষে পাথুম নিশাঙ্কা ৪৫ এবং দাসুন শানাকা ২৫ বলে ৩৫ রান করলেও দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩২ রান।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম বলেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। তবে লিটন দাস ও তানজিদ হাসান তামিম দারুণ জুটি গড়ে চাপ সামাল দেন। লিটন ২৬ বলে ৩২ রান করে ফিরলেও তামিম খেলেন ম্যাচজয়ী ইনিংস—৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ছয়টি ছক্কা। জুটি ভাঙার পর তাকে যোগ্য সঙ্গ দেন তৌহিদ হৃদয়, ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনিও।
২১ বল হাতে রেখে ১৩৩ রানের লক্ষ্য টপকে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই সিরিজ জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রথম শ্রীলঙ্কাকে সিরিজ হারাল টাইগাররা। দেশের বাইরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তিও গড়েছেন অধিনায়ক লিটন দাস।
বোলিংয়ে সেরা শেখ মেহেদী, ব্যাটিংয়ে তামিম—এই দুই তরুণের নৈপুণ্যে টাইগারদের জয় এসেছে দারুণ আত্মবিশ্বাসের বার্তা নিয়ে।