স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ মার্চ , ২০২৫
খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি সতীর্থ-বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।
সোমবার এক ফেসবুক পোস্টে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এই সফল তারকা বলেছেন, আজ জন্মদিন বিশেষ দিন হলেও মনটা পুরোপুরি আনন্দে নেই তার।
এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব লিখেছেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!
বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব ও তামিম একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলের হয়ে। ২০০৭ সালে জাতীয় দলে একসঙ্গে পথচলা শুরু হওয়ার পর থেকে বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা। ব্যাটে-বলে, মাঠে-মাঠের বাইরে তাদের বন্ধুত্বও বেশ দৃঢ়।
কিন্তু এই মুহূর্তে তামিম জীবনযুদ্ধ লড়ছেন হাসপাতালের শয্যায়। হার্ট অ্যাটাকের পর দ্রুত চিকিৎসা পেয়ে কিছুটা স্থিতিশীল হলেও এখনো রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। পুরো দেশ প্রার্থনায় মগ্ন, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।
আরও পড়ুন:
ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের দ্রুত সুস্থতার প্রত্যাশা জানিয়ে আরেক সাবেক অধিনায়ক লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
“তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”