ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
হার দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের পাঁচটিতেই হারল নিগার সুলতানার দল।
ওয়ার্নার পার্কে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যে পৌঁছে যায় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।
যদিও হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে এদিন টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি লাল সবুজরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেললেও সেটি ছিল না টি-টোয়েন্টিসুলভ। ৪৩ বল মোকাবিলায় তার ইনিংসে ছিল মাত্র ২টি চারের মার।
তবে ওপেনিংয়ে নেমে ভালো শুরু এনে দিয়েছিলেন দিলারা আক্তার। বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৩ চারের মারে ২১ রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন ১২ বলে ৩ চারের মারে ১৩ রান করেন। তবে ইনিংস শেষে জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পায়নি দল।
পুঁজি কম থাকলেও ভালো লড়াই-ই করেছেন বাংলাদেশের বোলাররা। অফ স্পিনার সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন ২৬ রানের মধ্যে। আগের দুই ম্যাচে ৫১ ও ৪৯ রান করা দিয়েন্দ্রা ডট্রিনও বেশি ক্ষণ টিকতে পারেননি। রাবেয়া খানের বলে ফাহিমাকে ক্যাচ দেন ১২ বলে ১০ রান করে।
একপর্যায়ে টানা ৩ ওভারে উইকেট হারিয়ে ৬১ রানে ৫ উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফেলেন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)।
বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১০৪/৮ (নিগার ৩৩, দিলারা ২১, মুর্শিদা ১৩; গ্লাসগো ৩/১৫)। ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ১৮.৩ ওভারে ১০৫/৫ (গজনবি ২৭*, গ্লাসগো ২৫; ফাহিমা ২/১৪, সুলতানা ২/৩০)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল ৫ উইকেটে জয়ী।