ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২১ জুলাই , ২০২৫
শ্রীলঙ্কায় প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকেও হারাল বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। ৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান গড়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা ইকোনমি বোলিংয়ের রেকর্ড। সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। বাকি উইকেটগুলো ভাগ করে নেন মেহেদী হাসান, তানজিম সাকিব এবং রানআউটে।
পাকিস্তানের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস আসে ফখর জামানের ব্যাট থেকে। তিনি করেন ৪৪ রান। খুশদিল ও আব্বাস মিলে গড়েন দলের সর্বোচ্চ ৩৩ রানের জুটি। কিন্তু মোস্তাফিজ ও তাসকিনের তাণ্ডবে ব্যাটিং বিপর্যয় কাটাতে পারেনি পাকিস্তান।
১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও লিটন দাস দ্রুত ফিরে যান। তবে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে পারভেজ হোসেন ইমন গড়েন ৭৩ রানের জুটি। হৃদয় ৩৬ রান করে আউট হলেও ইমন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। ম্যাচ জিততে বাংলাদেশ খেলে মাত্র ১৫.৩ ওভার।
নিয়মিত অধিনায়ক হিসেবে লিটন দাসের অধীনে এটি প্রথম জয়। তরুণদের নিয়ে গড়া এই দলটি এখন টানা দুই সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে বলীয়ান।