ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
বিপিএল খেলার শেষ দিকে এসে স্পট ফিক্সিংয়ের আলোচনা শেষ পর্যন্ত আমলে নিল কর্তৃপক্ষ।
ঘটনা তদন্তে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিসিবি।
আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই কমিটির আহ্বায়ক। সদস্য হিসাবে আছেন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী। এ ছাড়া আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ২০১৩ সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন শাকিল কাসেম
এবারের বিপিএলের আটটি ম্যাচকে সন্দেহের তালিকায় রেখেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু)। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকতে পারেন, এমন সন্দেহের তালিকায় আছেন কয়েকজন ক্রিকেটারও।
এমন খবর ছড়িয়ে পড়ার পর ফিক্সিং নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরিকল্পনার কথাও জানানো হয়। এরই ধারাবাহিকতায় এবার তিন সদস্যের ওই কমিটি ঘোষণা হল। তবে কতদিনের মধ্যে তারা কাজ শেষ করে প্রতিবেদন দেবেন তা এখনও ঠিক করা হয়নি।