স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হতাশাজনক হারের দিনই বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি। সেখানে ডাক পেলেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে চারটি সেঞ্চুরিসহ রানবন্যা বইয়ে দেওয়া ব্যাটার এনামুল হক বিজয়।
এনামুল সর্বশেষ টেস্টে খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অর্থাৎ প্রায় তিন বছর পর বাংলাদেশের সাদা পোশাকের দলে ফিরেছেন তিনি।
এর আগে প্রায় ৯ বছরে মাত্র ৫টি টেস্ট খেলতে পেরেছেন এনামুল হক বিজয়। ১০ ইনিংসে ১০ গড়ে তার সংগ্রহ মোটে ১০০ রান। সর্বোচ্চ ইনিংস ২৩ রানের।
চলতি প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৪ ইনিংসে ৪টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৭৪ রান। আর কেউ এখন পর্যন্ত সাতশ রানও করতে পারেননি। ঢাকা প্রিমিয়ার লিগে তার দুর্দান্ত ফর্মের কথা উল্লেখ করা হয়েছে বিসিবির বিবৃতিতে।
জাতীয় লিগের লাল বলের ক্রিকেটেও অবশ্য ছন্দে ছিলেন এনামুল। গত লিগে খুলনার হয়ে ১৩ ইনিংসে ১ সেঞ্চুরির সঙ্গে ৬ ফিফটিতে ৭০০ রান করেন তিনি। টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান করেছিলেন শুধু অমিত হাসান (৭৮৫)।
এনামুল হক বিজয়ের পাশাপাশি প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
সিলেট টেস্টের স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে ব্যাটার জাকির হাসান ও গতিময় পেসার নাহিদ রানাকে।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সমতায় ফেরার চ্যালেঞ্জ।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।