প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ মার্চ , ২০২৫
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে মাত্র একটি পয়েন্ট পেলেই যথেষ্ট ছিল; কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নেমেছে নিজেদের ঘরের মাঠে। সেখানে প্রতিপক্ষ কে? তা বিবেচনায় না নিলেও চলবে। এমনকি মেসি-লওতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফুটবলার, স্ট্রাইকার না থাকলেও চলবে।
বুয়েন্স আয়ার্সের এস্টাডিও মাস মনুমেন্টালে ব্রাজিলকে তাই গোনায়ও ধরেনি হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা। চির প্রতিদ্বন্দ্বীদের জালে গুনে গুনে একহালি গোল দিয়েছে আর্জেন্টিনা।
১ পয়েন্টের জন্য ড্র নয়, ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো লিওনেল মেসির দেশ।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিউলিয়ানো সিমিওনে। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস চুনহা।
মাঠে নামার আগেই বিশ্বকাপের টিকেট পাওয়ার সুখবর পায় আর্জেন্টিনা। এদিনই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করলে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় তাদের।
উপলক্ষটা দুর্দান্ত জয়ে রাঙাল তারা। পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল নিতে পারে মোটে তিনটি শট, ওই একটিই ছিল লক্ষ্যে।
১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩১।
আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা একুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।
চেনা আঙিনায় ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই আঘাত হানে আর্জেন্টিনা। তিয়াগো আলমাদার বাড়ানো বল বক্সে পেয়ে হারাতে বসেছিলেন আলভারেস; তবে ভাগ্য তার সহায় হয়। দুই ডিফেন্ডার গিয়ের্মে আরানা ও মুরিলোর মাঝ দিয়ে এগোনোর পথে আরানার পায়ে লেগে আসা বল নিচু শটে জালে পাঠান ম্যানচেস্টার সিটি তারকা।
ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল। নিজেদের সীমানা থেকে ছোট ছোট পাসে আক্রমণে উঠে নাহুয়েল মোলিনা ডান দিক থেকে ব্রাজিলের বক্সে পাস বাড়ান, মাঝপথে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দিতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।
শুরু থেকে বল দখলেও অনেক পিছিয়ে থাকা ব্রাজিল ২৬তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই সাফল্য পায়। গোলটির পেছনে অবশ্য পুরো দায় ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে বল অনেক্ষণ পায়ে রাখেন এই ডিফেন্ডার, সেই সুযোগে ছুটে গিয়ে তার থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে গোলটি করেন উলভসের ফরোয়ার্ড মাথেউস কুইয়া।
পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে এই একটি শটই নিতে পারে দীর্ঘদিন ধরে নিজেদের খুঁজে ফেরা ব্রাজিল।
আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয় খরা বেড়ে হলো পাঁচ ম্যাচ, এর মধ্যে চারটিই হেরেছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই ২০১৯ সালের কোপা আমেরিকায়।