প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩১ মে , ২০২৫
চমকপ্রদ পটপরিবর্তনের পথ ধরে ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান এখন আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ মে) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচিত হন তিনি।
সভায় শুরুতে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয়। এরপর পরিচালকদের ভোটে সাবেক এই অধিনায়ক সভাপতি নির্বাচিত হন। তিনি বিসিবির ষোড়শ সভাপতি।
ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন। যদিও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে ম্যাচ নেমেছেন আমিনুল। দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। তার নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ খেলে টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং শুরু করেন। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন অনেক বছর।
বিসিবির সহসভাপতির দুটি পদ ফাঁকা ছিল দীর্ঘদিন ধরেই। এবার সেই শূন্যতাও পূরণ করা হয়েছে। তারা হলেন সহসভাপতি-১ নাজমুল আবেদীন ও সহসভাপতি-২ ফাহিম সিনহা।