ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ মার্চ , ২০২৫
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফিল সিমন্সই বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকছেন। সব ঠিক থাকলে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগেই নতুন করে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘সিমন্সের সঙ্গে এখনো চুক্তি সই হয়নি। তবে আলোচনা ৯৫ ভাগ সম্পন্ন। বাকিটুকু হয়ে গেলে চুক্তি সই হবে। তখন আগামী আড়াই বছরের জন্য তিনিই বাংলাদেশ দলের কোচ হবেন।’
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচ হয়েছিলেন সিমন্স। এ সময়ের দলে তার ভূমিকায় সন্তুষ্ট বিসিবি। বিসিবি চেয়েছিল জাতীয় দলের ভবিষ্যৎ প্রধান কোচ এমন কেউ হবেন, যিনি স্থানীয় কোচদের কাজ করার সুযোগ দেবেন। সেদিক দিয়ে সিমন্সকেই তাদের সেরা পছন্দ মনে হয়েছে।
বোর্ড সভাপতি আভাস দিয়েছেন, সব ঠিক থাকলে সিমন্সের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে বাংলাদেশ দল। জাতীয় দলের সর্বশেষ কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাসিক বেতন ছিল ৩০ হাজার মার্কিন ডলারের মতো। সিমন্সের বেতন তার চেয়ে অনেক কম বলেই জানা গেছে।