স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৮ মে , ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার র্যাংকিংয়েও সুখবর পেলেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার।
বুধবার (৭ ম) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থান দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। নিশ্চিত করেছেন ক্যারিয়ারসেরা ৩২৭ রেটিং পয়েন্টও।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে র্যাংকিংয়ের চূড়ায় ওঠার হাতছানি এখন তার সামনে। আপাতত শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে মিরাজের পয়েন্টের ব্যবধান ৭৩।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট পেয়েছিলেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেন তিনি।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে র্যাংকিংয়ের তিন বিভাগেই উন্নতি করেছেন ২৭ বছর বয়সি এই স্পিনিং অলরাউন্ডার। ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৫ নম্বরে এবং বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন মিরাজ।
চট্টগ্রাম টেস্টে নয় উইকেট নেওয়া বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে উঠেছেন ১৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন তাইজুলই শীর্ষে।