স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ ফেব্রুয়ারি , ২০২৫
১৬৫ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে ইংল্যান্ডকে টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের শক্ত ভীত দিয়েছিলেন বেন ডাকেট; কিন্তু ইংলিশদের নিষ্প্রভ পেস আক্রমণকে কাজে লাগালেন জশ ইংলিস।
অসাধারণ ইনিংস খেলে তুললেন অপরাজিত ১২০ রান, অস্ট্রেলিয়ার নাম লেখালেন কোনো আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়ার ইতিহাসে।
শনিবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৩৫২ রানের লক্ষ্যে নেমে ১৫ বল হাতে রেখেই পাঁচ উইকেটে ৩৫৬ রান তুলেছে অসিরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড কয়েক ঘন্টার ব্যবধানে লেখা হলো দুবার। বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড গড়া ইনিংসে ইংল্যান্ড করে ৩৫১ রান। সেই রান অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ১৫ বল বাকি থাকতেই।
আইসিসির যেকোনো পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়ায় জয় এটিই। ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল আগের রেকর্ড।
এই ম্যাচের চেয়ে বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে আর একবারই। ২০১৯ সালে মোহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল তারা।
সেখানে চমৎকার ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ১৬৫ রান করেন ডাকেট। তার ১৪৩ বলের ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ১৭ চার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ করলেন তিনি।
বৈশ্বিক এই টুর্নামেন্টে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নিউ জিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের। ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি।
ওই ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি গড়েছিল কিউইরা। তাদের ৪ উইকেটে করা ৩৪৭ রান এবার ছাড়িয়ে গেল ইংল্যান্ড। ডাকেটের সেঞ্চুরি ও জো রুটের ৬৮ রানে ৮ উইকেটে ৩৫১ রান করেছে ইংলিশরা।
জয়ের নায়ক কিপার-ব্যাটসম্যান নিজের প্রথম ওয়ানডে শতক পূর্ণ করেন স্রেফ ৭৭ বলে, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যৌথভাবে দ্রুততম। ৬ ছক্কা ও ৮ চারে ৮৬ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা স্বীকৃতি পান তিনিই।
অসিদের জয়ে পার্শ্বনায়ক কেয়ারি ১৩৬ রানে ৪ উইকেট হারানোর পর ইংলিসের সঙ্গে ১১৬ বলে ১৪৬ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান তিনি। ৮ চারে তিনি খেলেন ৬৩ বলে ৬৯ রানের ইনিংস।
মূলত কিপার হলেও এ দিন আউটফিল্ডে কেয়ারি ক্যাচ নেন তিনটি, যার একটি ছিল চোখে লেগে থাকার মতো।
তাদের এই জুটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডেতে পঞ্চম উইকেটে রেকর্ড। ১৯৯৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের গ্রাহাম থর্প ও রবিন স্মিথের ১৪২ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫১/৮ (ডাকেট ১৬৫, রুট ৬৮; ডোয়ারশিস ৩/৬৬, লাবুশেন ২/৪১, জাম্পা ২/৬৪)।
অস্ট্রেলিয়া: ৪৭.৩ ওভারে ৩৫৬/৫ (ইংলিস ১২০*, ক্যারি ৬৯, শর্ট ৬৩, লাবুশেন ৪৭; রশিদ ১/৪৩৭, লিভিংস্টোন ১/৪৭)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।