প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২০ এপ্রিল , ২০২৫
একবার ভাবুন তো, ম্যারাথনে আপনি দৌড়াচ্ছেন, পাশ দিয়ে দৌড়াচ্ছে মানুষের মতোই দৈহিক গড়নের অনেকগুলো রোবট এবং তারা আপনার প্রতিদ্বন্দ্বীও!
ব্যাপারটা এতদিন কাল্পনিক ও বিস্ময়কর মনে হলেও চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার এমনই অভিনব হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। যেখানে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ২১টি রোবট অংশ নিয়েছে।
দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। মানুষের মতো সেগুলোকে দৌড়াতে হয়েছে।
চীন দাবি করছে, বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে।
রোবটের মধ্যে দৌড়ে প্রথম হয়েছে তিয়ানগং আলট্রা। এই রোবট ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘণ্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন।
বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকসে কাজ করেন।
জিয়ান বলেন, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা।