স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ মার্চ , ২০২৫
কলম্বিয়া ম্যাচের পর চোটের জন্য গোলরক্ষক আলিসন বেকারের সঙ্গে ছিটকে গেছেন মিডফিল্ডার জেরসন; কার্ডের খাড়ায় পরের ম্যাচে খেলতে পারছেন না মিডফিল্ডার গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস।
প্রথম পছন্দের আলিসন ছিটকে যাওয়ার পর ওয়েভের্তনকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদেরসন এবং ডিফেন্ডার বেরালদোও।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ব্রাজিল।
লিওনেল মেসি, পাওলো দিবালাসহ বেশ কয়েকজন গুরুপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না আর্জেন্টিনা। নেইমারকে আগেই হারিয়েছিল ব্রাজিল।
ডাক পাওয়া চার খেলোয়াড় ছিলেন প্রাথমিক দলে। কলম্বিয়ার বিপক্ষে বাইরে থাকার পর এবার আর্জেন্টিনার মাঠে খেলার হাতছানি তাদের সামনে।
ম্যাচের প্রথমার্ধে মাঠ ছাড়েন মিডফিল্ডার জেহসন। দ্বিতীয়ার্ধে মাথায় আঘাত পান অভিজ্ঞ গোলরক্ষক আলিসন। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর লিভারপুল ফিরে যাচ্ছেন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা।