প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
দুপুর তখন ৩টা, হটাৎ একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো বিসিবি অফিসের সামনে। সেখান থেকে কালো টি-শার্ট গায়ে বের হলেন তামিম ইকবাল। মাঠে তখন লড়ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
বিসিবি পরিচালক আকরাম খান জানান, ৩-৪ মাসের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ফিরতে পারবেন তামিম।
গত ২৪শে মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের সঙ্গে ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে স্থানীয় কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোহামেডান অধিনায়ককে। সেখানে হার্টে একটি রিংও পরানো হয় তামিমকে। সেখানে ২ দিন আর ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ২ দিন থাকার পর বাসায় ফেরেন তামিম। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সেখান থেকে ফিরে গতকাল শেরে বাংলায় আসেন মোহামেডানের খেলা দেখতে।
প্রথমে প্রেসিডেন্ট বক্সে বসেন তামিম। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক থেকে কর্মকর্তারা তামিমের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর মোহামেডানের ড্রেসিংরুমে যান তামিম। তিনি ঢুকতেই বাকি খেলোয়াড়রা তাকে ঘিরে ধরেন, খোঁজ নেন।
তামিমের স্বাস্থ্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান জানান, তামিমের শরীরের অবস্থা এখন অনেক ভালো। সিঙ্গাপুরের চিকিৎসকরা তার স্বাস্থ্যগত বিষয়ে ইতিবাচক কথা বলেছেন। তামিম তিন-চার মাসের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফিরতে পারবে।
এদিন ৯ বছর পর ঢাকা লীগে আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান। ফলে মাঠে ফিরেই তামিম সাক্ষী হয়েছে দারুণ এক ইতিহাসের। অসুস্থ হয়ে লীগ থেকে ছিটকে যাওয়ার আগে মোহামেডানকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। ৮ ম্যাচে ৭৩.৬০ গড়ে তার ব্যাট থেকে আসে ৩৬৮ রান। টানা দুই ম্যাচে সেঞ্চুরিও হাঁকান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।