প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ মার্চ , ২০২৫
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানানো সাকিব মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশেই ফিরতে পারেননি।
এ অবস্থায় আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লেখালেন সাকিব আল হাসান।
আগামী ১০ মার্চ ভারতের রাজস্থানে শুরু হতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন ‘এশিয়ান স্টার্স’-এর হয়ে। একই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি দল আছে।
এশিয়ান স্টার্সে সাকিব ছাড়াও রয়েছেন বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি। এ দলে আরও আছেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান।
অন্যদিকে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। এছাড়াও দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন।
মজার ব্যাপার হচ্ছে, আগামী ১২ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব ও কাপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে।