প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ঢাকার রমনায় অবস্থিত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করেছে। স্কুলটি থেকে বাংলা ও ইংরেজি ভার্সনে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফল হাতে পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বয়ে গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
গত বছরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে। ফল প্রকাশ হয়েছে গত রোববার। এবার সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
খোঁজ নিয়ে জানা যায়, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ২১ জন শিক্ষার্থীর বৃত্তি পেয়েছে। এরকম ৭ জন ট্যালেন্টপুলে, ১৪ জন সাধারণ গ্রেডে। এর মধ্যে ১ জন ইংলিশ ভার্সন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বাকি ৬ জন বাংলা ভার্সন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সাধারণ গ্রেডের ১৪ জনের মধ্যে ৬ জন ইংলিশ ভার্সন থেকে ৮ জন শিক্ষার্থী বাংলা ভার্সন থেকে বৃত্তি পেয়েছে।
মেধাবী শিক্ষার্থী সাফওয়ান মাসনুন
স্কুলটির শিক্ষার্থী সাফওয়ান মাসনুন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ইংলিশ ভার্সন থেকে। এই অর্জন শুধু একজন মেধাবী শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
সাফওয়ানের মা সাদিয়া বিনতে সিদ্দিক জানান, পরীক্ষার তারিখ পরিবর্তন, প্রস্তুতির সীমিত সুযোগ এবং অন্যান্য নানা প্রতিকূলতার মধ্যেও অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফওয়ান তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।
উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে এই খবর আনন্দের ঢেউ তুলেছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সাফল্য প্রমাণ করে, সরকারি-বেসরকারি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সমান মেধা ও যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে পারে, যদি সুযোগ ও সহযোগিতা থাকে।
অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়েছে, “সব প্রতিকূলতা সত্ত্বেও আমাদের সন্তানের এই অর্জন আমাদের গর্ব। বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তির প্রক্রিয়া আরও সহজ ও ন্যায্য করার দাবি জানাই। যাতে আরও অনেক সাফওয়ানের মতো মেধাবী শিক্ষার্থী উপযুক্ত স্বীকৃতি পায়।”