প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সিদরাতুল মুনতাহা আব্দুল মান্নান ও রুমা আক্তারের কন্যা। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট পাঁচজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে চারজন ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টির এ সাফল্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোট ১৪৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৭১ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ৯ জন, সরকারি সাধারণ গ্রেডে ৬০ জন এবং বেসরকারি সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী রয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে নাগরপুরের অবস্থান সপ্তম।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাগরপুরে ১৫৬টি সরকারি ও ২৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে ৮৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেই ১৪৫ জন বৃত্তি অর্জন করেছে, যা উপজেলার প্রাথমিক শিক্ষার সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।