শাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম একইসাথে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক। তারা দুজন যথাক্রমে অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও অধ্যাপক ড. ইসমাইল হোসেনের স্থালাভিষিক্ত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে উপ-উপাচার্য ও ১৪ (১) ধারা অনুযায়ী ও সমাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হককে নিম্নোক্ত শর্তে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।’
উভয় দুটি নিয়োগ শর্তে বলা হয়, ‘উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। উপর্যুক্ত পদে দুজনেই তাঁর মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। সর্বশেষ শর্তে বলা হয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।