শাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম একইসাথে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক।
তবে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হককে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোষাধ্যক্ষ পদে তিনি যোগ দেননি এবং যোগ দেওয়ার ইচ্ছাও নেই।
অধ্যাপক আতিকুল হক তার পোস্টে কাউকে তাকে অভিনন্দন না জানানোর অনুরোধ করে লিখেন, ‘আমি কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করিনি এবং যোগদান করার কোনো ইচ্ছাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও লেখেন, ‘মনের মধ্যে কোনো জটিলতা বা নিজের সঙ্গে কোনো দ্বন্দ্ব রেখে, এতসব জটিল বিষয় ও নানা কৌশলের সঙ্গে ব্যর্থভাবে মানিয়ে চলার চেয়ে, আমার যেটা ভালো লাগে এবং যেটাতে আমি সন্তুষ্ট থাকি, সেটাই চালিয়ে যাওয়া আমার জন্য ভালো বলে মনে করি।'
অধ্যাপক আতিকুল হক বলেন, ‘২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করার পর থেকে যে কাজ করছিলাম, সেটিই করতে আমি আনন্দবোধ করছি। তাই দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না।’