প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামী ৯ আগস্ট শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই দিন ও একই সময়ে সারাদেশে একযোগে টুর্নামেন্ট শুরু হবে। প্রতিযোগিতায় দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
এ লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী খেলোয়াড় বাছাইয়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্যও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।