প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নীতিমালা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স। ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামে চালু হওয়া এই কর্মসূচির আওতায় মৌলিক ও সৃজনশীল কনটেন্টকে প্রাধান্য দিয়ে অর্থ প্রদান করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু জনপ্রিয় বা ভাইরাল হওয়া নয়, বরং কনটেন্টে নির্মাতার নিজস্ব অবদান, সৃজনশীলতা এবং নতুন তথ্য বা বিশ্লেষণ যুক্ত করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে এক্স। ফলে অন্যের কনটেন্ট হুবহু বা সামান্য পরিবর্তন করে প্রকাশ করে আয় করার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এক্স জানিয়েছে, নিজের লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিম বা অন্যান্য সৃজনশীল কনটেন্টকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। অন্যের কনটেন্ট ব্যবহার করলেও সেখানে অর্থবহ বিশ্লেষণ, মন্তব্য, ব্যাখ্যা বা নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে হবে। শুধু পুনঃপ্রকাশ বা সাধারণ বর্ণনা যুক্ত করলে সেটি আয়ের জন্য যোগ্য বিবেচিত হবে না।
প্রতিষ্ঠানটি আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের বিদ্যমান ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ বন্ধ করার ঘোষণাও দিয়েছে। এর পরিবর্তে নতুন রিওয়ার্ড কাঠামোর মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয় নির্ধারণ করা হবে।
অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে অংশ নিতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন থাকতে হবে। আবেদনকারীর অন্তত ৫০০ জন ভেরিফায়েড অনুসারী এবং গত ৯০ দিনে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে।
নতুন ব্যবস্থায় আয়ের হিসাব নির্ধারণেও পরিবর্তন আনা হয়েছে। কনটেন্টের মোট ভিউয়ের পরিবর্তে ভেরিফায়েড ব্যবহারকারীদের সম্পৃক্ততা এবং যোগ্য প্রদর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে কেবল ভিউ বাড়ানোর কৌশলের বদলে মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরির প্রতি নির্মাতাদের উৎসাহিত করার চেষ্টা করছে প্ল্যাটফর্মটি।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কপি বা পুনঃপ্রকাশনির্ভর কনটেন্টের সংখ্যা কমতে পারে। একই সঙ্গে মৌলিক লেখা, অনুসন্ধানী প্রতিবেদন, তথ্যভিত্তিক বিশ্লেষণ, নিজস্ব ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বাড়বে।
বিশেষ করে সংবাদ, শিক্ষা, প্রযুক্তি ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন এই নীতিমালা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, এখন থেকে শুধু জনপ্রিয়তাই নয়, কনটেন্টের মৌলিকতা ও গুণগত মানও আয়ের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হবে।