প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-কানপুর (আইআইটি-কানপুর)-এ ভর্তি হতে না পেরে প্রতিষ্ঠানটির ও আইআইটি-মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ (হ্যাক) করেন এক শিক্ষার্থী। তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নিয়েছে আইআইটি-কানপুর।
সম্প্রতি আইআইটি-কানপুরে চালু হওয়া ব্যাচেলর অব সাইবার সিকিউরিটি প্রোগ্রামে আবেদন করেছিলেন ওই শিক্ষার্থী। কিন্তু প্রাথমিক বাছাইয়ে সুযোগ না পাওয়ার পর তিনি আইআইটি-কানপুর ও আইআইটি-মাদ্রাজের ওয়েবসাইটে প্রবেশ করেন। আইআইটি-কানপুরের ওয়েবসাইটে তিনি একটি বার্তাও রেখে যান। সেখানে লেখা ছিল, “Site is hacked. All I need is just a fair chance.” অর্থাৎ, “ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমি শুধু একটি ন্যায্য সুযোগ চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও রেডিটে দেওয়া পোস্টে শিক্ষার্থী দাবি করেন, তিনি কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এ কাজ করেননি। বরং নিজের সাইবার নিরাপত্তা–সংক্রান্ত দক্ষতার প্রমাণ দিতেই এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি জানান, ভর্তির জন্য প্রয়োজনীয় সব নথি ও ফি জমা দিয়েছিলেন এবং নিজের প্রযুক্তিগত কাজের নমুনাও জমা দেন। তবু সংক্ষিপ্ত তালিকায় স্থান না পাওয়ায় ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত হ্যাকাথনেও অংশ নেওয়ার সুযোগ পাননি।
আইআইটি-কানপুরের পরিচালক মণীন্দ্র আগারওয়াল বলেন, সাইবার সিকিউরিটিতে পর্যাপ্ত পূর্ব অভিজ্ঞতা না থাকায় শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়নি। চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় এখন তাকে ভর্তি করানো সম্ভব নয়। তবে তাকে ক্যাম্পাসে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়ন করা হবে। তিনি যোগ্যতার প্রমাণ দিতে পারলে পরবর্তী ব্যাচে ভর্তির সুযোগ বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থী আইআইটি-কানপুর ও আইআইটি-মাদ্রাজের সরকারি ওয়েবসাইটের কিছু অংশে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। তবে তাকে বুঝিয়ে বলা হবে যে, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা আইনবিরোধী এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
আইআইটি-কানপুরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুরুতে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনায় ছিল। পরে তার দাবির সত্যতা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্যায়নের ফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, তরুণ প্রযুক্তি প্রতিভাকে উৎসাহ দেওয়ার নজির আইআইটি-কানপুরে নতুন নয়। চলতি বছরের শুরুতে সিবিএসইর অনলাইন স্ক্রিন-মার্কিং পোর্টালের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করা এক তরুণকে প্রতিষ্ঠানটির সি৩আইহাবে কাজের সুযোগ দেওয়া হয়েছিল।