প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের ফলাফলে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বজুড়ে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী ভুল স্কোর পেয়েছিলেন। এ ঘটনায় পরীক্ষার অন্যতম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়। ওই সময় বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন।
পরে ত্রুটি শনাক্ত হওয়ার পর ফলাফল সংশোধন করা হয়। সংশোধিত ফলাফলে ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর বেড়ে যায়। অন্যদিকে, ভুলবশত বেশি নম্বর পাওয়া ১ হাজার ১১৫ জনের স্কোর কমিয়ে প্রকৃত অবস্থানে আনা হয়।
ভুল ফলাফলের প্রভাব পড়ে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ (SELT) দেওয়া ১ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর ওপরও। এর মধ্যে চারজনের ভিসা-সংক্রান্ত যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরে পুনরায় পরীক্ষা দিয়ে তারা প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
অফকোয়ালের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই অনেক মানুষ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরে চলা এ ধরনের পদ্ধতিগত ব্যর্থতা পরীক্ষার্থী ও ফল ব্যবহারকারী প্রতিষ্ঠান উভয়ের জন্যই ভোগান্তির কারণ হয়েছে।
এদিকে কেমব্রিজ ইংলিশ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটি সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সহায়তা, কাস্টমার সাপোর্ট হাব চালু এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে ৬০ লাখ পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে।
আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা সম্পূর্ণ পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।