দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে বর্তমানে
৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর
সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন।
মঙ্গলবার জাতীয়
সংসদের অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত
প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত
সরকারি কর্মচারীদের হালনাগাদ জনবল পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও
সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ শূন্য রয়েছে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের
নিয়ন্ত্রণাধীন শীর্ষ পর্যায়ের পদগুলোর মধ্যে সিনিয়র সচিব ও সচিবের ৬৯টি অনুমোদিত
পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮
জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি
পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৬৪৫ জন।
সব মিলিয়ে
এই চার স্তরে ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ২ হাজার
৯৪০ জন কর্মকর্তা।
অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়ে জনপ্রশাসন
প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত
জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।