প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’ শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচের বিরতির সময় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রনেতারা।
উপাচার্য ড. আল-ফোরকান বলেন, এই আয়োজনের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হয়েছে এবং গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশিত রণসঙ্গীত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতির জাগ্রত বিবেককে আরও শাণিত করার বার্তা বহন করে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই আত্মত্যাগ, সাহস ও প্রতিরোধের মাস। জুলাই শহীদ দিবসে এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ছাত্র-জনতার সংগ্রামের স্মৃতি ধারণ এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এদিন প্রথম গুলিতে নিহত হন আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ফারুক, মো. শাহজাহান ও সবুজ আলী। গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে। পরবর্তীতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।